প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২০২৫-০৫-১৭ ২২:৫৪:৪০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর নির্জন বাড়ীর শয়নকক্ষে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

শনিবার বিকালে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাই পাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। 

 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে নিজ ঘরের শয়নকক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাত চিহ্ন রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য প্রায় ১০/১২ বছর আগে মারা যায়। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়ীতে একাই বসবাস করে আসছিলেন। তার কোনো সন্তান নেই। তবে তার একটি পালিত ছেলে রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পালিত ছেলে আসাদুজ্জামান জানান, গত ১৩ মে বাড়ীতে এসে তার মাকে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিলো না।

 

শনিবার বেলা ১১ টার দিকে বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ ও সিদকাটা ছিল। মায়ের শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে। সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।