শুক্রবার ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মডেল মসজিদ নির্মাণের দাবিতে নাগরপুরে তৌহিদি জনতার বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ২০২৫-০৬-২৯ ১৭:৪৫:৪৬

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণ নিয়ে এলাকাজুড়ে চলছে তুমুল আলোচনার ঝড়। নাগরপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কলেজ প্রাঙ্গণে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হলেও, সম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক এক ঘটনার পর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, গত ২৮ জুন রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে নির্মাণাধীন মসজিদের ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

 

ঘটনার পরদিন, ২৯ জুন রবিবার সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন এলাকায় স্থানীয়রা এক বিশাল মানববন্ধন এর আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস নুরুজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল মেহেদী, আ. রাজ্জাক, শামীম আহমেদ, লাভলু মিয়া, মনসুর মিয়া, সমাজকর্মী মীর মুশফিক শৈবালসহ আরও অনেকেই।

 

বক্তারা বলেন, “সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণ আমাদের ঈমানি দাবি। এ মসজিদ কেবল একটি ভবন নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতীক। যারা মসজিদের ভিত্তিপ্রস্তর ভেঙে দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা নাশকতা মেনে নেওয়া হবে না।”

 

তারা আরও দাবি করেন, দ্রুত একই জায়গায় নতুন করে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু করতে হবে এবং প্রশাসনকে মসজিদ নির্মাণে যেকোনো ধরনের বাধা কঠোর হাতে দমন করার আহ্বান জানান।

 

মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন প্রশাসনের প্রতি আহ্বান জানান মসজিদ নির্মাণে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নাগরপুরবাসীর ধর্মীয় আবেগ ও দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নাগরপুরে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে এবং ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগ নেবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭