বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-২৭ ০১:০৪:১৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওমর নসরতপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
২৬ জুন, বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া জেলার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওমর আলী নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।