বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-১৯ ২৩:৫৯:৪৩
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
১৯ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, একই উপজেলার বুরুঞ্জি গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোয়াইব ও বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান।
আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটর সাইকেলযোগে ওই তিনজন বগুড়ার দিকে যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁ অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হয়েছে।
দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, তবে দূর্ঘটনার পর চালক ও হেলপার দ্রুত পালিয়ে পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।