মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

বৃদ্ধ মায়ের স্বপ্ন পূরণ করলেন ছেলে

প্রকাশিত: ২০২৪-১২-২১ ১৭:০৫:৩২

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: 

বৃদ্ধ মায়ের স্বপ্ন ছিল জীবনে একবার হেলিকপ্টারে চড়ার। তিনি তার ইচ্ছের কথা জানান সৌদি আরব প্রবাসী ছেলে আয়নাল হককে। মায়ের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বৃদ্ধ মাকে হেলিকপ্টারে চড়ালেন ছেলে। 

শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী আয়নাল হক বলেন, আমি প্রায় ২২ বছর যাবত সৌদি আরবে থাকি। সর্বশেষ ৪ বছর আগে ছুটিতে দেশে যাওয়ার পর আমার মা তাঁর ইচ্ছার কথা জানান। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে ওমরা হজ্জ্ব পালনের উদ্দেশ্যে আমার মা (কমলা খাতুন), স্ত্রী (রত্না আক্তার), আমার ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসি। 

ওমরা পালন শেষে মায়ের ইচ্ছা অনুযায়ী হেলিকপ্টারে চড়িয়ে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আমি খুবই আনন্দিত। মায়ের এ ছোট স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে।

প্রবাসী আয়নাল হকের বাড়ি উপজেলার বড়চওনা গ্রামে। 

এসময় প্রবাসী আয়নাল হকের মা বলেন, আমার ছেলেরও ইচ্ছা ছিল আমাদেরকে ওমরা হজ্জ্ব পালন শেষে মক্কা মদীনা দেখাইয়া হেলিকপ্টারে কইরা দেশে আনবো। আজকে সেই স্বপ্ন পূরণ করেছে আমার ছেলে।

প্রবাসী আয়নাল হকের ভাতিজা মেহেদী হাসান জানান, আজ সকালেই আমার দাদীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরে আসেন। সেখান থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নিয়ে আসি। আমার দাদীর স্বপ্ন পূরণ হয়েছে এবং গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছেন। তাতেই ভালো লাগছে।

এদিকে হেলিকপ্টার দেখতে এলাকার উৎসুক জনতার ভিড় জমায়। স্থানীয়রা বলছেন, মায়ের স্বপ্ন পূরণে প্রবাসী ছেলের এমন উদ্যোগ তাদের জন্য সম্মান বয়ে এনেছে। 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭