বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-০৭ ০০:৪০:৫৭
নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধল্লাই এলাকায় শুক্রবার (৬ জুন) সকালে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে রানা ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
২৩ বছর বয়সী রানা ইসলাম পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মোতালেবের ছেলে। তিনি স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট থাকায় সখীপুর থেকে কালিহাতী হয়ে বাসটি পাবনা যাচ্ছিল। পরিবার নিয়ে ওই বাসে উঠেছিলেন রানা। তিনি বাসে বমি করতেন। এজন্য নিজের ইচ্ছায়ই বাসের ছাদে উঠেছিলেন। কোন এক সময় বাসের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন তিনি।
তার পরিবারের লোকজন পাবনা বাসস্ট্যান্ডে গিয়ে রানা ইসলামকে না পেয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে পারেন তার মরদেহ কালিহাতীর রাস্তার পাশে পড়ে রয়েছে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। রানা ইসলাম ঢাকা থেকে মা ও স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।